ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রশিদা বিড়ি ফ্যাক্টরিতে যৌথ অভিযান, আটক ২

রশিদা বিড়ি ফ্যাক্টরিতে যৌথ অভিযান, আটক ২
×

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০ | ০৪:১৩ | আপডেট: ৩০ জুলাই ২০২০ | ০৪:৩৫

শেরপুরের শিল্পপতি ইদ্রিস মিয়ার ৩০নং রশিদা বিড়ির  দু’টি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে পুরাতন ব্যান্ডরোল লাগানো প্রায় চার লাখ প্যাকেট বিড়ি জব্দ করেছে র‌্যাব। বুধবার রাতে শেরপুর ও শ্রীবরদী উপজেলার দু’টি ফ্যাক্টরিতে এনএসআই, র‌্যাব-১৪ এবং জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এসব প্যাকেট জব্দ করে। এসময় উভয় ফাক্টরি থেকে দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৪, এনএসআই ও প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ৩০নং রশিদা বিড়িতে পুরাতন ব্যান্ডরোল লাগানো হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে ওই ফ্যাক্টরিগুলিতে যৌথ অভিযান চালানো হয়। এসময়  ইদ্রিস গ্রুপের মালিকানাধীন শেরপুরের লছমনপুর এলাকার জিহান ডেইরি ফার্মের গোপন কারখানা থেকে আড়াইলাখ ও শ্রীবরদী তাতিহাটি রশিদা বিড়ি ফ্যাক্টরির গুদাম থেকে দেড় লাখ পুরাতন ব্যান্ডরোল লাগানো বিড়ি উদ্ধার করা হয়, যার সরকারি রাজস্ব মূল্য ৩২ লাখ টাকা। এ সময় দুই কারখানার সহকারী ম্যানেজার শফিউল আলম ও রুবেল শাহরিয়ারকে আটক করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর এর কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা বলেন, শুধুমাত্র শেরপুরে উদ্ধারকৃত বিড়ির ব্যান্ডরোলের মূল্য ২০ লাখ টাকা।

শেরপুর এনএসআই কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, একটি ব্যান্ডরোলের সরকারি মূল্য আট টাকা। বিড়ির মালিক বাজার থেকে ৫০ পয়সা দিয়ে পুরাতন ব্যান্ডরোল কিনে এসব ব্যান্ডরোল বিড়িতে লাগিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন। তিনি বলেন, এ ঘটনায় র‌্যাব মামলার প্রস্তুতি নিচ্ছে।

র‌্যাব ও এনএসআই এর তথ্য অনুযায়ী,  রশিদা বিড়ি ফাক্টরির ৩০ দিনে ব্যান্ডরোল ক্রয় করার কথা ৯ কোটি ৬০ লাখ টাকার। কিন্তু শেরপুর জেলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার খন্দকার মোহাম্মদ নূরুল কুতুবুল আলম বলেন,  চলতি জুলাই মাসে শেরপুর পোস্ট অফিস থেকে রশিদা বিড়ি কর্তৃপক্ষ এক কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার ব্যান্ডরোল ক্রয় করেছে। সেই হিসেবে রশিদা বিড়ি থেকে প্রতিমাসেই ৮ কোটি ২৮ লাখ ৭৮ হাজার টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

আরও পড়ুন

×