ফুলবাড়িয়ায় জ্বর-শ্বাসকষ্টে চেয়ারম্যানের মৃত্যু
চেয়ারম্যান আশরাফুজ্জামান সরকার
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২০ | ০২:৫৩ | আপডেট: ০৮ আগস্ট ২০২০ | ০২:৫৮
জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান সরকার (৪৮) মারা গেছেন। শনিবার ভোরে মারা গেছেন তিনি।
জানা গেছে, কোরবানির ঈদের ২ দিন আগে ইউনিয়নের দত্তপাকুটিয়া মেহেরগাও গ্রামে তার নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে চিকিৎসকের পরামর্শে ইউপি চেয়ারম্যান হাসপাতাল থেকে শহরের জিলা স্কুল মোড়ের নিজ বাসায় ফিরে চিকিৎসা চালিয়ে যান। সেখানে শনিবার ভোর সারে ৪ টার দিকে তিনি মারা যান।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক বলেন, ঈদের ২ দিন পর জানতে পারি চেয়ারম্যান জ্বর এবং শ্বাসকষ্টজনিত কারণে শহরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে বাড়িতে ফিরে আজ ভোরে তিনি মারা গেছেন।
বালিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।