ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে নারী রোগীকে উত্যক্ত করায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

বরিশালে নারী রোগীকে উত্যক্ত করায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
×

গ্রেপ্তার রেজাউল করিম

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ১৩:২৫

বরিশালের উজিরপুরে বিউটি বেগম (২৫) নামের এক নারী রোগীকে উত্যক্ত করার অভিযোগে একটি ক্লিনিকের পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় মায়ের দোয়া নামের ওই ক্লিনিকের পরিচালক রেজাউল করিমকে (৩০) গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় উত্যক্তের শিকার নারী রাতে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রেজাউল নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ওই নারীর এক স্বজন জানান, তার আত্মীয় সম্প্রতি উজিরপুরের মায়ের দোয়া ক্লিনিকে ভর্তি হন। এরপর থেকে ওই ক্লিনিকের পরিচালক রেজাউল করিম তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত ১৬ আগস্ট থেকে  ১৯ আগস্ট ক্লিনিকে আটকে রাখা হয় ওই নারীকে। পরে বুধবার রাতে খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

উত্যক্তের শিকার নারী জানান, হাসপাতালে থাকা অবস্থায় রেজাউল বিভিন্ন সময়ে তাকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। এমনকি তার কক্ষেও ডেকেছেন। গভীর রাতে তার বেডে এসে হাজির হন রেজাউল। তার বিরুদ্ধে সেখানকার অনেক নারী রোগী নানা অভিযোগ করেছেন তার কাছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রেজাউল করিম এমবিবিএস না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দেন। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসক পরিচয় দিয়ে রেজাউল করিম জানিয়েছেন, ওই নারী হাসপাতালের বিল পরিশোধ না করে তার বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ তুলেছেন। 

এ বিষয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, 'ঘটনার শিকার নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মায়ের দোয়া ক্লিনিকের পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

আরও পড়ুন

×