চট্টগ্রামে নিজ বাসায় মা ও ছেলে খুন
পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ১০:২৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ১২:২২
চট্টগ্রামে নিজ বাসায় মা ও ছেলেকে খুন করা হয়েছে। খুন হওয়া নারীর নাম গোল নাহার বেগম (৩৩) ও তার আট বছরের ছেলের নাম রিফাত।
সোমবার রাতে এ খুনের ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) বিজয় বসাক সমকালকে বলেন, মা ও ছেলের খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। নিহত নারীর পরিচিত এক যুবককে আমরা খুঁছি। তাকে ধরতে পারলে আসল ঘটনা সামনে আসবে বলে আশা করছি।
পুলিশ কর্মকর্তারা জানান, নগরীর চাঁন্দগাও পাঠানিয়া গোধা এলাকার সরাফত উল্লাহ রোডের একটি ভাড়া বাসায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন গোল নাহার বেগম। প্রতিদিনের মতো গোল নাহারের মেয়ে সকালে গার্মেন্টে চলে যান। বাসায় ছিলো মা ও ছোট ভাই। চাকরি শেষে সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন দরজা খোলা। মেজেতে মা ও ভাইয়ের রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। এসময় তার চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসে। তারপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে ঘরের মধ্যে কয়েকটি মেলামাইনের প্লেট ভাঙ্গা অবস্থা দেখতে পায়। উভয়ের শরীরে রক্তাক্ত একাধিক ক্ষত পাওয়া গেছে। পূর্ব ক্ষোভ থেকে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। আর এর জন্য নিহত নারীর পরিচিত এক কথিত ভাইকে সন্দেহ করছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
- বিষয় :
- খুন
- হত্যা
- মা-ছেলেকে হত্যা
- চট্টগ্রাম