ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা আটক

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা আটক
×

আটককৃত রোহিঙ্গা যুবক

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০ | ১০:০৯

বাংলাদেশি পরিচয়ে কিশোরগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।  বুধবার কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন ফরম জমা দেওয়ার পর সাক্ষাৎকার নেওয়ার সময় তাকে আটক করা হয়।

ফরম অনুযায়ী তার নাম সাদেক হোসাইন (২২)। তিনি ইমাম হোসেন নামে স্থানীয় এক দালালের মাধ্যমে কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করেছিলেন।

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সাক্ষাৎকারের এক পর্যায়ে ওই যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করায় তাকে পুলিশে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই যুবক দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে ঢাকায় এক রোহিঙ্গা আত্মীয়ের কাছে যান। ঢাকা থেকে শনিবার তাকে কিশোরগঞ্জে পাঠানোর পর এক দালালের বাসায় ওঠেন। পরে দালাল ইমাম হোসেন পাসপোর্টের জন্য রোহিঙ্গা যুবকের ভুয়া জন্মসনদ, বাবা-মার ভুয়া পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র তৈরি করে দেন। 

কাগজপত্রে ওই যুবকের নাম সাদেক হোসাইন, তার বাবার নাম মোহাম্মদ হোসাইন, মায়ের নাম লতিফা উল্লেখ করা হয়। এসব কাগজপত্র নোটারি পাবলিক ও কিশোরগঞ্জ জজকোর্টের আইনজীবী এ এম সাজ্জাদুল হক কর্তৃক সত্যায়িত দেখানো হলেও অ্যাডভোকেট এ এম সাজ্জাদুল হক তার সিল ও স্বাক্ষর জাল বলে দাবি করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুবকর সিদ্দিক পিপিএম জানান, আটক হওয়া রোহিঙ্গা যুবকের পরিচয় যাচাই করা হচ্ছে।


আরও পড়ুন

×