খাতুনগঞ্জে আরও কমেছে পেঁয়াজের দাম
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০ | ০৮:৪৮
ভারত থেকে আটকে থাকা পেঁয়াজ আসতে থাকায় চট্টগ্রামের পাইকারি মোকাম খাতুনগঞ্জে আরও কমছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে আরও ৫ থেকে ১০ টাকা কমেছে দাম।
গত বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বেচা কেনা হলেও শনিবার এই দাম ছিলো ৫৫ থেকে ৬০ টাকা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক সমকালকে বলেন, ‘সরকার ও প্রশাসনের কঠোরতার কারণে টানা কয়েকদিন অস্থিরতার পর কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সরবরাহও আগের তুলনায় কিছুটা বেড়েছে। মিয়ানমার থেকেও পেঁয়াজ আসছে।’
ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, ‘সরবরাহ বাড়লে পেঁয়াজের দাম আরও কমবে। ভারতে রপ্তানি বন্ধের খবরে সিন্ডিকেট করে রাতারাতি প্রতিকেজি পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছিলো। এখন ভারতে আটকে পড়া পেঁয়াজ আসছে। আবার মিয়ানমার থেকেও পেঁয়াজ আসছে। এটির প্রভাব পড়েছে বাজারেও।’
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, বৃহস্পতিবার খাতুনগঞ্জে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ৬০ থেকে ৬৫ টাকা। শনিবার এই দর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। রপ্তানি বন্ধের খবরে তিন দিন আগে বাড়তি পেঁয়াজ কিনতে খাতুনগঞ্জে ভিড় জমায় অনেকে। এ কারণে দাম একটু বাড়তি ছিল। তবে খাতুনগঞ্জের পাইকারি আড়তে পেঁয়াজের দাম কমলেও বন্দর নগরীর খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।
অলিগলির ভ্যান গাড়িতেও এই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খাতুনগঞ্জে কাঁচাপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান গ্রামীণ বাণিজ্যালয়ের স্বত্ত্বাধিকারী বোলাই কুমার পোদ্দার বলেন, ‘সরবরাহ বাড়লে পেঁয়াজের বাজার আরও কমবে।’