‘ইলিশ না দেওয়ায়’ পদ্মার চরে জেলেকে গুলি করে হত্যা
ফাইল ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ০১:১৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ০১:১৩
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মার চরে ইলিশ ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় এক জেলেকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী নুরু বয়াতির চরে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল সরদার লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে। ঘটনার পর থেকে কামারগাও এলাকার খোকন মেম্বারের ছেলে ঘাতক রিয়াদ আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী নুরু বয়াতি জানান, শনিবার বিকালে খোকন মেম্বারের ছেলে রিয়াদ ১০ থেকে ১৫ জনকে সাথে নিয়ে চরে এসে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নিতে চায়। এ নিয়ে জেলেদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কামারগাও এলাকার খালেক সারেং এর ছেলেসহ স্থানীয়রা রিয়াদকে বাধা দেয়। এর জের ধরে রিয়াদ তার লোকজন নিয়ে খালেক সারেং এর বাড়িতে হামলা ও ভাংচুর করে। এ ঘটনার পর রোববার বিকেলে রিয়াদ আরো বেশী লোকজন নিয়ে পুনরায় মাছ নিতে পদ্মার চরে গেলে জেলেরা বাঁধা দেয়। একপর্যায়ে রিয়াদ তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে জেলে রুবেল সরদারের বুকে গুলি করে। এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এ ঘটনার পর রিয়াদ তার লোকজন নিয়ে চর থেকে চলে আসে। অন্যদিকে অপর জেলেরা ঘটনার পরপরই রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রুবেলের প্রতিবেশী জশলদিয়া গ্রামের মোঃ শামীম জানান, হাসপাতালে নেওয়ার আগেই রুবেল মারা গেছে। সে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো।
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, ঢাকা মেডিকেল কলেজে একজন মারা গেছে বলে শুনেছি। পুলিশ স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে তদন্ত শুরু করেছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- পদ্মার চর
- ইলিশ মাছ
- গুলি করে হত্যা