ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর সিটি নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন আজমত উল্লা, নিয়মভঙ্গের অভিযোগ

মনোনয়নপত্র জমা দিলেন আজমত উল্লা, নিয়মভঙ্গের অভিযোগ
×

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা। ছবি- প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ১১:৪৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজমত উল্লার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। তবে আজমত উল্লা এ অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি আচরণবিধি মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের মহড়া (শোডাউন) বা প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক না রাখার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। কিন্তু আজমত উল্লা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে পাচজনের বেশি লোক দেখা যায়।

এ বিষয়ে আজমত উল্লা বলেন, আচরণবিধি ঠিক রেখেই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার সঙ্গে পাঁচজনের বেশি লোক ছিলেন না।

তিনি আরও বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই সব কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা আসছেন। আমার পক্ষ থেকে কোনো শোডাউন হয়নি।

আজমত উল্লা মনোনয়নপত্র জমা দিতে আজ বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে আসেন। এ সময় তার সঙ্গে কয়েক শ মানুষ দেখা যায়। এত মানুষ দেখে মূল ফটক আটকে দেন নিরাপত্তাকর্মীরা।

এরপর কয়েকজন নেতাকর্মীকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন আজমত উল্লা। এ সময়ও অন্তত ১০ জন নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

এদিকে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধির বিষয়ে গতকাল বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের মহড়া করা যাবে না বা পাঁচজনের অধিক নেতাকর্মী সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আমরা আচরণবিধির বিষয়টি কঠোরভাবে তদারক করছি। আমার কার্যালয়ের ভেতর কোনো প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি কাউকে আসতে দেওয়া হচ্ছে না।

এদিকে আচরণবিধি না মানায় ইতোমধ্যে দুই মেয়র প্রার্থীসহ একজন কাউন্সিলরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আচরণবিধি অমান্য করলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

আরও পড়ুন

×