প্রত্যেক বিভাগে টেলিভিশন কেন্দ্র স্থাপন হবে
বাংলাদেশ টেলিভিশন রংপুর উপ-কেন্দ্র পরিদর্শনে তথ্যমন্ত্রী
রংপুর অফিস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ১০:০৬ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ১০:০৭
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, সরকার দেশের প্রতিটি বিভাগে টেলিভিশন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন রংপুর উপ-কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এজন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। রংপুর বিভাগেও বাংলাদেশ টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করার কাজ হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপিত হলে স্থানীয় শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা তাদের প্রতিভা, দক্ষতা দেশব্যাপী তুলে ধরার সুযোগ পাবে।
এর আগে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন রংপুর উপ-কেন্দ্রে হাড়িভাঙা ও আমলকি গাছের চারা রোপণ করেন। এ সময় বাংলাদেশ টেলিভিশন রংপুর উপ-কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।