ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় মধ্যরাতের আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

কুমিল্লায় মধ্যরাতের আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই
×

কুমিল্লায় মধ্য রাতের আগুনে একটি বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১২:৪০

কুমিল্লায় মধ্য রাতের আগুনে একটি বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম সমকালকে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট করে ৩টি স্টেশনের মোট ৬টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি জানান, বাজারের একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। সবগুলো ব্যবসাপ্রতিষ্ঠান হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি হবে। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

বাজারের ব্যবসায়ী রমিজ উদ্দিন বলেন, মাধাইয়া বাজারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই অবস্থিত। রাতে আগুন লাগার খবরে স্থানীয় বাসিন্দা এবং মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরাও নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, চোখের সামনে শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার অবস্থা। কেউ কিছুই বের করতে পারেননি। দোকানের সবকিছু আগুন পুড়তে দেখছেন ব্যবসায়ীরা। সহায়-সম্বল হারিয়ে এখন পুড়ে যাওয়া দোকানের পাশে বসে কান্না করছেন তারা। আজ সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত দোকানের সামনে গিয়ে কাউকে কাউকে মালামাল খুঁজতে দেখা যায়। 

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন

×