কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন
বিএনপির নতুন কমিটির সদস্যরা। ছবি- সমকাল
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১৪:৪০
দীর্ঘ দুই যুগ পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এর হলরুমে পৃথক দুটি কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
ঘোষিত পাঁচ সদস্যের উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক আহ্বায়ক এস. এম. মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল বাশার হাওলাদারকে। কমিটির অন্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, ইকবাল মুন্সী এবং নজরুল ইসলাম মহিন।
অন্যদিকে পৌর বিএনপির চার সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে ইউসুফ আলী দাড়িয়াকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওলিউর রহমান হাওলাদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আলম শিকদার ও মোহাম্মদ মামুন হাওলাদার মিঠু।
উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, “দীর্ঘদিন পর কোটালীপাড়ায় আংশিক কমিটি ঘোষণা করা হলো। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”
এ সম্মেলন ও নতুন নেতৃত্বের মাধ্যমে কোটালীপাড়া বিএনপিতে নতুন করে রাজনৈতিক গতিশীলতা ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।