ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে কারফিউ: কাঁচা বাজারের পণ্য নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

গোপালগঞ্জে কারফিউ: কাঁচা বাজারের পণ্য নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
×

কারফিউ শিথিল হলে ফলের দোকান খোলেন এক বিক্রেতা। শুক্রবার গোপালগঞ্জ শহরে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ১৪:৩০ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ | ১৪:৩২

তিন ঘণ্টা শিথিলের পর গোপালগঞ্জে আবারও শুরু হয়েছে কারফিউ। শুক্রবার ছুটির দিনের দুপুরে কারফিউ শিথিলের সময় রাস্তাঘাট, দোকানপাটে ভিড় করেছিলেন এলাকাবাসী। তবে ২৪ ঘণ্টার বেশি সময় টানা কারফিউ থাকায় ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

শিথিলের সময় শহরের লঞ্চঘাট এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা, টেম্পু (মাহিন্দ্র), ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলতে দেখা যায়। জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে ছোটে মানুষ। মূল সড়কের পাশে ও গলির ভেতরের বেশকিছু দোকান খুললেও বন্ধ ছিল বিপণীবিতান। 

লঞ্চঘাট এলাকার ফল বিক্রেতা আলমগীর হোসেন সমকালকে বলেন, কারফিউয়ে দোকান খুলতে না পারায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তিনদিনে প্রায় ৩০ হাজার টাকার ফল নষ্ট হয়েছে। কিছুটা বিক্রির আশায় আজ (শুক্রবার) তিন ঘণ্টার জন্য দোকান খোলেন। 

আলমগীর বলেন, ‘এ অবস্থা চললে দোকানের বাকি ফলগুলোও নষ্ট হবে। আমরা চাই, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক।’

বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের পর রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়। তখন মেয়াদ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলা হলেও পরে বাড়ানো হয়। এর মধ্যে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল থাকে। এ সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

আরও পড়ুন

×