ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে বাড়তি চার্জ কার্যকর

ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে বাড়তি চার্জ কার্যকর
×

.

 বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩২

ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গতকাল সোমবার থেকে চট্টগ্রামের ১৯ আইসিডির সবক’টিতে একযোগে বর্ধিত চার্জ কার্যকর করা হয়েছে। এখন আগের তুলনায় গড়ে ৫০ শতাংশ বর্ধিত চার্জেই রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডল করতে হবে ব্যবসায়ীদের। বিজিএমইএ, বিকেএমইএ ও ফ্রেইট ফরোয়ার্ডারসহ বন্দর ব্যবহারকারীরা এই মুহূর্তে এত চার্জ না বাড়াতে আপত্তি জানিয়েছিল। সেটি না মেনে পূর্বনির্ধারিত সময় ১ সেপ্টেম্বর থেকে নতুন চার্জ কার্যকর করলেন আইসিডি মালিকরা। 

বেসরকারি এসব কনটেইনার ডিপোতে (আইসিডি) ২০ ফুট এককের একটি রপ্তানি কনটেইনারে প্যাকেজ চার্জ ছিল এতদিন ৬ হাজার ১২৭ টাকা। এটি এখন নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯০০ টাকা। ৪০ ফুট দীর্ঘ কনটেইনারের জন্য আগে চার্জ ছিল ৮ হাজার ২৫০ টাকা। এখন সেটির জন্য গুনতে হবে ১৩ হাজার ২০০ টাকা। এরকম আরও অন্তত ২০টি খাতে চার্জ বাড়ানো হয়েছে। 
শুধু রপ্তানি কনটেইনার নয়; খালি কনটেইনার খালাস ও পরিবহনেও একই রকমভাবে চার্জ একযোগে বাড়িয়েছে ১৯টি আইসিডি। গুরুত্বপূর্ণ এই সেক্টরে এক মাসেরও বেশ সময় ধরে উভয় পক্ষ এমন মুখোমুখি অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি নৌপরিবহন মন্ত্রণালয়। সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও। 

চার্জ বৃদ্ধি প্রসঙ্গে বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর্টস অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ‘নতুন চার্জ পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা কার্যকর করেছি। একটি কনটেইনার রপ্তানি করতে বিভিন্ন ধাপে যে খরচ হয় তার মাত্র তিন শতাংশ হয় আইসিডিতে। তাহলে এটি নিয়ে এত আপত্তি কেন?’
দ্বিমত পোষণ করে বিজিএমইএর পরিচালক ও ইনডিপেনডেন্ট অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব বলেন, ‘আমরা আপত্তি জানিয়েছি। আমলে নেয়নি তারা। একযোগে সব চার্জ বাড়ানোর উপযুক্ত সময় এটি নয়। বন্দর গড়ে ৪০ শতাংশ ট্যারিফ বাড়াচ্ছে। আইসিডিগুলো গড়ে ৫০ শতাংশের ওপরে চার্জ বাড়াচ্ছে। তাহলে আমরা কোথায় যাব। বর্ধিত এই ট্যারিফ দেওয়ার মতো সক্ষমতা আমাদের এখন আছে কিনা সেটি ভেবে দেখা উচিত ছিল নৌপরিবহন মন্ত্রণালয় কিংবা বন্দর কর্তৃপক্ষের। কারও মতামত আমলে না নিয়ে যে সিদ্ধান্ত আইসিডি মালিকরা চাপিয়ে দিচ্ছেন সেটি পরিস্থিতি ঘোলাটে করতে পারে।’ 

আরও পড়ুন

×