ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘মাদক-সংশ্লিষ্টতা প্রমাণ হলে আত্মহত্যা করব’

বিএনপি নেতার বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ

‘মাদক-সংশ্লিষ্টতা প্রমাণ হলে আত্মহত্যা করব’
×

সংগৃহীত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৮:৫০

পাবনার চাটমোহরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এক বিএনপি নেতা ও হারুন অর রশীদ নামে এক ব্যক্তির মধ্যে পাল্টাপাল্টি চ্যালেঞ্জ শুরু হয়েছে। বিএনপি নেতা কাজী খোকনের চ্যালেঞ্জের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মারধরের শিকার হারুন অর রশীদ। তিনি ঘোষণা দিয়েছেন, ‘আমার বিরুদ্ধে যদি কেউ মাদক-সম্পৃক্ততা প্রমাণ করতে পারে, তবে আমি আত্মহত্যা করব।’

মঙ্গলবার রাতে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালি গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

গত ২৮ মার্চ শনিবার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রেজাউল করিম খোকন ওরফে কাজী খোকন তাঁর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। তিনি বলেছিলেন, ‘চাঁদাবাজির সঙ্গে আমার সম্পৃক্ততা প্রমাণিত হলে রাজনীতি দূরে থাক, আমি আত্মহত্যা করব।’ মূলত সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার রাতে পাল্টা সংবাদ সম্মেলন করেন অভিযোগকারী হারুন অর রশীদ।

সংবাদ সম্মেলনে বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ দাবি করেন, কাজী খোকন নিজে সরাসরি টাকা না চাইলেও তাঁর সহযোগী রুবেলসহ দুইজনের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকার করায় গত শনিবার সন্ধ্যায় রেলস্টেশন এলাকায় চা পান করার সময় তাঁকে ও তাঁর ভাইকে টেনেহিঁচড়ে অফিসে নিয়ে মারধর করেন কাজী খোকন।

হারুন বলেন, ‘এখন নিজে বাঁচার জন্য কাজী খোকন আমাকে ইয়াবা ডিলার সাজিয়ে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। ডলার নামে যে ছেলের কথা বলা হচ্ছে তাকে আমি চিনিই না। আপনারা এলাকায় যাচাই করে দেখেন, মাদকের সঙ্গে আমার ন্যূনতম সম্পর্ক পেলেও আমি আত্মহত্যা করব।’

সংবাদ সম্মেলনে হারুনের ছোট ভাই প্রবাসী আইয়ুব আলী বলেন, ‘আমার বড় ভাইয়ের কাছে তারা কোনো টাকাই পাবে না। আমি বিদেশ থেকে এসেছি, গাড়ি কিনেছি। এসব দেখেই তারা টাকার জন্য চাপ দিচ্ছিল। সরাসরি ‘চাঁদা’ না বললেও পাওনা টাকার নাম করে তারা মূলত চাঁদাবাজিই করতে চেয়েছিল। তাদের ডাকে সাড়া না দেওয়াতেই এই ক্ষোভ ও মারধর।’

এদিকে বিএনপি নেতা কাজী খোকন তাঁর পূর্বের অবস্থানেই অনড়। তিনি পুনরায় দাবি করেন, হারুন একজন চিহ্নিত মাদক ডিলার। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে চরিত্র হনন করা হচ্ছে। তিনি আবারও ‘আত্মহত্যা’র চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করে প্রশাসনের কাছে মাদক ব্যবসার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, হারুনের ছোট ভাই আইয়ুব আলীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×