বাবা-ছেলের হাতাহাতি, অণ্ডকোষ চেপে ধরার পরই লুটিয়ে পড়লেন বাবা
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৬:৩৭
সাভারে মোবাইলের চার্জার খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর একপর্যায়ে ছেলের হাতে বাবা নিহত হয়েছেন। সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ছাগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিন মিয়া (৩৮) ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় তাঁর ১৫ বছর বয়সী ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মহিন মিয়া ছেলের কক্ষে মোবাইলের চার্জার খুঁজতে যান। চার্জার না পাওয়ায় তিনি স্ত্রী ও ছেলেকে গালাগাল করেন। একপর্যায়ে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারধরের জন্য হাতে টেস্টার নেন। এ সময় বাবা-ছেলের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ধস্তাধস্তির একপর্যায়ে জিসান তার বাবার অণ্ডকোষ চেপে ধরলে মহিন অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মহিন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ছেলের বিরুদ্ধে বাবার অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ ওঠার পর জিসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।