অপরিকল্পিত ড্রেন নির্মাণে সড়কে জলাবদ্ধতা
উঁচুতে ড্রেন নির্মাণ করায় সড়কে জলাবদ্ধতা। সম্প্রতি আক্কেলপুর পৌর এলাকা থেকে তোলা সমকাল
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৮:৪০
| প্রিন্ট সংস্করণ
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেন প্রকল্প এখন স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় অনেক স্থানে সড়কের চেয়ে ড্রেনের উচ্চতা বেশি হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি সড়ক থেকে ড্রেনে নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে দেশের ৩০টি পৌরসভায় বাস্তবায়নাধীন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় আক্কেলপুর পৌরসভায় ড্রেন নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)।
প্রকল্পের আওতায় আক্কেলপুর পৌর এলাকার পাঁচটি স্থানে মোট দুই হাজার ৯০১ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। সম্প্রতি টানা বর্ষণে ড্রেন নির্মাণে ত্রুটির বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। সরেজমিন দেখা গেছে, আক্কেলপুর-বদলগাছী সড়কের কিশোরের মোড় থেকে পশ্চিম আমুট্ট পর্যন্ত সড়কের পানি নিষ্কাশনে ড্রেনের যে মুখ রাখা হয়েছে তা সড়কের চেয়ে উঁচু হওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে ড্রেনে প্রবেশ করতে পারছে না। এতে সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যাচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী একরামুল বারী বলেন, প্রকল্পের কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। সড়কের পানি নিষ্কাশনের জন্য ড্রেনে ফুটো করে নতুন মুখ তৈরি করে দিলেই সমস্যার সমাধান হবে।
আক্কেলপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও আশিক-উর-রহমান বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করা হবে। নির্মাণত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেবেন।
- বিষয় :
- ড্রেনে পড়ে মৃত্যু