ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সাঁকো উদ্বোধন নিয়ে আলোড়ন

চাঁদা তুলে সাঁকোটি নির্মাণ এলাকাবাসীর স্বস্তি

চাঁদা তুলে সাঁকোটি নির্মাণ এলাকাবাসীর স্বস্তি
×

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

বরিশালের উজিরপুরে খালের ওপর নির্মিত সাঁকো বিএনপি নেতার উদ্বোধন করা নিয়ে আলোড়ন দেখা দিয়েছে। পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান গত বৃহস্পতিবার বিকেলে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে নির্মিত সাঁকোটি লাল ফিতা কেটে উদ্বোধন করেন। অনলাইনে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। 

উদ্বোধনী আয়োজনে ঢোল-বাদ্য ও বয়াতিদের গান-বাজনাও ছিল। উপস্থিত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয় মিষ্টিও। অনলাইনে কেউ এটিকে উন্নয়নের নামে লোকদেখানো প্রদর্শনী হিসেবে উল্লেখ করে সমালোচনা করছেন। তবে এলাকাবাসীর ভাষ্য, তারা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক এই উদ্যোগ নেন। এতে আমন্ত্রণ পেয়ে অংশ নিয়েছেন বিএনপি নেতা শহিদুল ইসলাম খান। 
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, খালটির পাড়ে ইটবিছানো রাস্তা রয়েছে। সম্প্রতি বৃষ্টি ও জোয়ারের পানিতে সেটি তলিয়ে যায়। এতে চলাচলকারী দুই ওয়ার্ডের বাসিন্দারা দুর্ভোগে পড়েন। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসী চাঁদা তুলে বাঁশ ও সুপারি গাছ দিয়ে প্রায় ৫০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করেন। 

আয়োজনের নেতৃত্বে ছিলেন উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বয়াতি মজিবর রহমান ভান্ডারী। তাঁর ভাষ্য, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের টাকা দিয়ে বাঁশ ও সুপারি গাছের সাঁকোটি নির্মাণ করেন। বর্ষায় পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে দুর্ভোগ হচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা সাঁকোটি নির্মাণে উদ্যোগ নেন। এ কারণেই সাঁকোর উদ্বোধনী আয়োজনটি উৎসবে রূপ নেয়। গত শুক্রবার রাতেও এলাকার ২০০ মানুষ একসঙ্গে খিচুড়ি খেয়েছেন। বিএনপি নেতা শহিদুল ইসলাম খানকে উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। তিনি এসে সেটি ফিতা কেটে উদ্বোধন করেন। 

এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের ভাষ্য, তিনি দুই দফায় উজিরপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করেছেন। পৌরবাসীর সঙ্গে তাঁর সম্পর্কটা আত্মিক। মিলাদের আয়োজনসহ যেকোনো অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের খালের পাড়ের ওই রাস্তাটি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়। তিনি টেকসই রাস্তা নির্মাণে ইউএনও-উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। এলাকাবাসী অস্থায়ী সাঁকো নির্মাণ করে উদ্বোধনের জন্য তাঁকে ডেকেছিলেন। এত আয়োজন সম্পর্কে কিছুই জানতেন না। তাদের অনুরোধে ফিতা কেটে উদ্বোধন করেন। আগামী পৌর নির্বাচনেও তিনি মেয়র প্রার্থী হবেন, তাই হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো পক্ষ বিষয়টি নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করছে। 
উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু বলেন, দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা স্থানীয়রা লোকজন নিজেদের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করেন। তারাই পৌর বিএনপির সভাপতিকে ডেকে নিয়ে আনন্দ-ফূর্তি করে উদ্বোধন করিয়েছেন। এটিকে ইতিবাচক হিসেবেই দেখা উচিত, তাহলেই বিতর্ক থাকে না।

আরও পড়ুন

×