ক্রেতা সেজে চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসা থেকে মদ উদ্ধার
মোহাম্মদ আবু শাকিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৬
চট্টগ্রাম নগরে বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলের (৩৩) বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ক্রেতা সেজে ছাত্রদল নেতার বাসায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা পালিয়ে যায়। শাকিল পালিয়ে গেলে অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম(৪৭) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ছাত্রদল নেতারা জানান, নগরের বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু শাকিলের গত বুধবার সন্ধ্যার দিকে বন্দর থানার কে বি দোভাষ লেন এলাকায় তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় শাকিলের শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পায় পুলিশের গোয়েন্দারা। পরে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে ওই বাড়িতে গেলে তাদের আবু শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রদল।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্রদল। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, মাদক কারবারিরা মাদক কেনাবেচার জন্য অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে একটি সংবাদ দেখার পর সত্যতা যাচাই করি। পরে শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। সংগঠনের পক্ষ থেকেও পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- চট্টগ্রাম