ভৈরবে ১৫ দিনে শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ১৫ দিনে দুজনের মৃত্যুসহ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গত ২৬ আগস্ট সৈয়দ বানু (৬৫) ও জিদনী সায়হাম (৩৫) নামে দুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুজনই ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
সৈয়দ বানুকে বেসরকারি হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জিদনী সায়হামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন সেখানে প্রচুর ডেঙ্গু রোগী আসছেন। হাসপাতালের বহির্বিভাগে জ্বর নিয়ে আসা রোগীদের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশেরই ডেঙ্গু পজিটিভ আসছে। প্লাটিলেট ৭০ থেকে ৮০ হাজারের ওপরে থাকলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর প্লাটিলেট এর নিচে নামলে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা আরও আশঙ্কাজনক হলে রোগীদের স্থানান্তর করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল করিম জানান, গত আগস্ট মাসে ইনডোরে ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। আর চলতি মাসের প্রথম ৯ দিনেই ভর্তি হয়েছেন ৪৮ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, শুধু চিকিৎসক কিংবা পৌর ও জেলা প্রশাসনের পক্ষে একা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। নিজেদেরও সচেতন হতে হবে।
- বিষয় :
- ডেঙ্গু