ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগ নেতাকে না পেয়ে কিশোর ছেলেকে আটকের অভিযোগ

আ.লীগ নেতাকে না পেয়ে কিশোর ছেলেকে আটকের অভিযোগ
×

 বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহারকে না পেয়ে তাঁর কিশোর ছেলেকে আটকের অভিযোগ উঠেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। বাহারের স্ত্রীর অভিযোগ, ওই সময়ে তাঁকেসহ পরিবারের অন্য সদস্যদের হেনস্তা করা হয়। গতকাল সোমবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। 

আটক কিশোরের নাম বাফতিন আহমেদ জিহান। সে এ বছর বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি পাস করেছে বলে পরিবার জানিয়েছে। অভিযানের ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সাদা পোশাকে পুলিশ সদস্যরা জিহানকে টেনে নিয়ে যাওয়ার সময় তার মা বাধা দেওয়ার চেষ্টা করছেন।

জিহানের মা বলেন, ‘বাহারকে না পেয়ে আমার ছেলে জিহানকে নিয়ে যায় পুলিশ। সন্ধ্যা পর্যন্ত তাকে হেফাজতে রাখা হয়েছে।’
এ বিষয়ে জানতে মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপকমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপকমিশনার (ডিবি) পলাশ কান্তি ঘোষ ও মহানগর ডিবির ওসি আজিমুল করিমকে ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি। তবে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ২৩ নম্বর ওয়ার্ড থেকে ডিবি পুলিশ হয়তো কাউকে আটক করেছে। তবে রাত ৮টা পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।
 

আরও পড়ুন

×