ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজন রিফাত আটক

খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজন রিফাত আটক
×

আজমুল হোসেন

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে আজমুল হোসেন নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)। সোমবার রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হত্যা মামলার তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানান, হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পেয়েছেন। আজমুলদের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন। রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামে।

নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘আজমুলকে মারধরের সময় রিফাত উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’

গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

আজমুল ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গেছেন, নাকি তাকে মারধরের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে-তা তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে নগরীর হরিণটানা থানায় হত্যা মামলা করেছেন।
 

আরও পড়ুন

×