ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

নড়াইলে সংঘর্ষে  গুলিবিদ্ধ একজনের মৃত্যু
×

নড়াইল সংবাদদাতা 

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৩

| প্রিন্ট সংস্করণ

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ মারা গেছেন। গত বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হাসান (৪৮) কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ার তারা মিয়া শেখের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পূর্ববিরোধের জেরে বুধবার সকালে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ। আহতদের শুরুতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এর মধ্যে আহত হাসান শেখ বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×