ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে শাটডাউনের চতুর্থ দিনে বিক্ষোভ, দেয়ালে প্রতিবাদের গ্রাফিতি

উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন, শিক্ষক ও কর্মকর্তাদের কর্মবিরতি

চুয়েটে শাটডাউনের চতুর্থ দিনে বিক্ষোভ, দেয়ালে প্রতিবাদের গ্রাফিতি
×

ছবি: সমকাল

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির চতুর্থ দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী গ্রাফিতি কর্মসূচি হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিভিন্ন রঙ ও প্রতীকী চিত্রের মাধ্যমে গ্রাফিতিতে তাদের দাবি, ক্ষোভ ও আন্দোলনের নানা বার্তা তুলে ধরা হয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত সংখ্যক গ্রাফিতি আঁকা সম্ভব হয়নি। আগামীকালও এ কর্মসূচি চলবে। ফলে বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোও আন্দোলনের প্রতিবাদের দৃশ্যমান মাধ্যম হয়ে উঠছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগের পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই দিন রাত থেকেই ক্যাম্পাসে প্রতিবাদ শুরু হয়। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনের দ্বিতীয় দিনে ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বেলা ১১টা ২০ মিনিটে শুরু হওয়া ওই কর্মসূচিতে শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্রের তথ্য ও স্বাক্ষর দেন। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে উপাচার্য পুনর্বহালের দাবি জানান তারা।

পরদিন ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া ওই কর্মসূচিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। এদিন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠিও পাঠ করা হয়। পরে সন্ধ্যায় উপাচার্য পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

একই দিন চুয়েট শিক্ষক সমিতি উপাচার্য পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয়। নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে না চাওয়ার কথাও জানায় শিক্ষক সমিতি।

কর্মকর্তাদেরও কর্মবিরতি
উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শুক্রবার সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট কর্মকর্তা সমিতি। তবে জরুরি সেবা ও সরকারি সেবার আওতাভুক্ত কার্যক্রম এ কর্মবিরতির বাইরে থাকবে।

শুক্রবার অনুষ্ঠিত কর্মকর্তা সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির এক বিবৃতিতে বলা হয়, চুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি এবং শিক্ষক সমিতির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করেছেন। উপাচার্য পদে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, তা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পারস্পরিক মর্যাদা এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার দায়িত্ব সবার। একই সঙ্গে চুয়েটের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারমাধ্যমে প্রচারিত মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী মো. ইকরাম বলেন, ‘আমাদের চুয়েট একটা পরিবার। ছাত্ররা শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষকেরাও কর্মবিরতি দিয়েছেন। আমরাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছি।’

আরও পড়ুন

×