স্লিপারসহ একাধিক বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৫
| প্রিন্ট সংস্করণ
তাহিরপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপার নির্মাণ না করে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক কাজে বরাদ্দের টাকা আত্মসাৎ ও গাছ কেটে বিক্রির অভিযোগও পাওয়া গেছে।
বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাটিকাটা গ্রামবাসী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগপত্র সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছে। পরে এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য তিনি নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।
দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অনুমতি ছাড়া আনুমানিক প্রায় ৮ থেকে ৯ মাস আগে বন বিভাগ এবং উপজেলা শিক্ষা অফিসের কোনো প্রকার অনুমতি ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণের ৪/৫টি গাছ কেটে ২৫ টাকায় বিক্রি করা হয়। বিগত ২০২২-২৩ অর্থবছরে (প্রাক্কলন জানুয়ারি-জুন/২০২৩) বিদ্যালয়ের ১০ জন অসহায় শিক্ষার্থীর পোশাক তৈরির জন্য বরাদ্দকৃত স্লিপ ফান্ডের ৯ হাজার ৫০০ টাকা, জানুয়ারি-জুন ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্লিপার নির্মাণে বরাদ্দ দেওয়া ৩০ হাজার টাকার সবই আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানের প্রধান।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যালয়ের দরিদ্র ১০০ শিক্ষার্থীর খাতা-কলমের জন্য বরাদ্দকৃত স্লিপ ফান্ডের ১০ হাজার টাকা, ওয়াশব্লক মেরামতের জন্য বরাদ্দকৃত ২০ হাজার টাকাও ভুয়া ভাউচারের মাধ্যমে সম্পূর্ণ আত্মসাৎ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি অর্থায়নে নির্মিত সুপরিকল্পিত দুটি টয়লেট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা সরকারি সম্পদের চরম অপচয়।
মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে করোনার সময় সরকার প্রদত্ত ওয়াশরুম পরিষ্কার সামগ্রী যথাযথভাবে ব্যবহার না করে তালাবদ্ধ রাখেন প্রধান শিক্ষক। ২০২৪ সালে পরিষ্কার সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হলেও বিদ্যালয়ের ওয়াশব্লক পরিষ্কারের কাজে মেয়াদোত্তীর্ণ ফিনাইল, ফিক্সল, লিজল ও ফিনিশ ব্যবহার করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উদ্দিন বলেন, সরকারি বরাদ্দের স্লিপারের টাকা তিনি বিদ্যালয়ের দেয়াল নির্মাণ কাজে ব্যয় করবেন। অন্য বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি।
- বিষয় :
- টাকা আত্মসাৎ