‘টাকা না দিলে নোটিশ ক্যানালে ফেলে আসব’
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৯
| প্রিন্ট সংস্করণ
নোটিশ জারির কথা বলে কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সমালোচনার সৃষ্টি হলে অভিযুক্ত ওই কর্মচারীকে চাপড়া থেকে চাঁদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে বদলি করেছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেজাউল ইসলামের হাতে একটি ১০০ টাকার নোট। টাকা গ্রহণকালে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, ‘একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কি নোটিশের জন্য টাকা জমা দেন? আচ্ছা ঠিক আছে, পরে আপনার নোটিশ আসলে ওগুলো ক্যানালে ফেলে দিয়ে আসব। তারপরে যেয়ে বলবেন যে নোটিশ পাইনি।’
ভিডিওতে তিনি আরও বলেন, ‘একটা নোটিশ জারি করতে ৮০ টাকা, আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দিয়ে যাচ্ছেন ১০০ টাকা, আবার আজেবাজে কথা বলছেন যে এই বাবদ আমরা খরচ পাই ! কে আমাদের খরচ দেয় ?’ এ সময় ভুক্তভোগী বলেন, ‘আমাদের কি এই টাকা দেওয়ার নিয়ম নাকি।’ তখন রেজাউল উত্তরে বলেন, ‘ওইটা এসিল্যান্ডে যায়ে বলেন, নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।’
স্থানীয়দের অভিযোগ, অফিসে এলেই বেআইনিভাবে অতিরিক্ত টাকা দাবি করেন রেজাউল ইসলাম। চাহিদামতো ঘুষ না দিলে ফাইল আটকে রেখে সেবাগ্রহিতাদের ভোগান্তিতে ফেলেন।
জানতে চাইলে অভিযুক্ত অফিস সহকারী রেজাউল ইসলাম ভুল স্বীকার করে বলেন, ‘আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে স্যারেরা আমাকে বদলি করেছেন। আমি আর কখনও এমন কাজ করব না।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, বিষয়টি নজরে আসার পরপরই অভিযুক্ত কর্মচারীকে বদলি করা হয়েছে।
- বিষয় :
- টাকা