ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক ব্যবসার অভিযোগে হামলা করে বাড়ি ভাঙচুর

মাদক ব্যবসার অভিযোগে  হামলা করে বাড়ি ভাঙচুর
×

মাদক ব্যবসার অভিযোগ তুলে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামের এক বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় মুসল্লিরা সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৫

| প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর করেছেন স্থানীয় মুসল্লিরা। মাদক বিক্রির অভিযোগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এই ভাঙচুর চালানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ– সুরমান আলী, তাঁর স্ত্রী ও ছেলে সোহাগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাড়ি থেকে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা নিয়মিত ওই বাড়িতে আসা-যাওয়া করেন। এ নিয়ে তারা একাধিকবার পরিবারটিকে সতর্ক করেছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের ভাষ্য, আওয়ামী লীগের প্রভার খাটিয়ে সুরমান আলী মাদক ব্যবসা করতেন। এলাকার লোকজনকে উল্টো প্রশাসনের ভয় দেখিয়ে চলতেন। তাঁর ভয়ে কেউ কিছু বলতে পারতেন না। পাঁচ-ছয় বছর আগেও মাদক ব্যবসার অভিযোগে তাঁর বাড়ি একবার ভেঙে দেওয়া হয়েছিল বলে জানান তিনি। সুরমান আলী ঢাকায় থাকেন। তাঁর স্ত্রী মাদক ব্যবসা চালিয়ে নিচ্ছিলেন। এ ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও কয়েকজন বাসিন্দা সুরমান আলীর বাড়িতে যান। তবে তাঁকে ও তাঁর স্ত্রী-সন্তান কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে বাড়ির টিনের চাল ও বেড়ার কিছুর অংশ ভেঙে ফেলেন। এর পরও মাদক বিক্রি করলে অভিযুক্তদের এলাকাছাড়া করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 
ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সক্রিয় রয়েছে। শুনেছি সুরমান ঢাকায় থেকে স্ত্রীকে দিয়ে মাদক ব্যবসা চালান। এই অভিযোগে স্থানীয় লোকজন তাঁর বাড়ি ভাঙচুর করেছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×