পাচারের সময় ৩ শতাধিক বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ী আটক
অভিযানে ব্যবসায়ীর চারটি গোডাউন থেকে তিন শতাধিক বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়। ছবি: সমকাল
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১০
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত রাখা তিন শতাধিক বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হাসাদহ বাজারে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওসি সোলায়মান শেখ জানান, হাসাদহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল খালেকের দোকান থেকে ভর্তুকির সরকারি সার অবৈধভাবে পাচার করা হচ্ছে-এমন তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে তার দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে ব্যবসায়ীর চারটি গোডাউন থেকে তিন শতাধিক বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়। এ সময় আব্দুল খালেককে আটক করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- সার