ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

টিকটকে পরিচয়, দেখা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী

টিকটকে পরিচয়, দেখা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৩

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্রে তরুণের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন ১৩ বছরের এক কিশোরী। গতকাল শুক্রবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদেশের নির্জন একটি স্থানে এ ঘটনা ঘটে।

আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে ময়নামতি এলাকা থেকে ঘটনায় অভিযুক্ত রাজীব আহমেদকে (২০) আটক করেছে পুলিশ। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ।

রাজীব আহমেদ জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে। ওই কিশোরীর গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি রাজধানীর গুলশানের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

ভুক্তভোগীর দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে রাজীব আহমেদের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। গতকাল শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় আসেন ওই কিশোরী। রাত ৯টার পর কুমিল্লা ময়নামতি এলাকায় বাস থেকে নামলে রাজীবের সঙ্গে তার দেখা হয়।

পরে তারা একটি স্থানীয় রেস্তোরাঁয় খাবার খায়। রাত ১টার দিকে রাজীব তাকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে পাহাড়ের পাদদেশের নির্জন স্থানে নিয়ে রাত ৩টা পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে তাকে মারধর করে রাজীব পালিয়ে যায়।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুরজিত বড়ুয়া জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ১৩ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করে। পরে ওই কিশোরীর কাছে থাকা ছবি ও মোবাইল ফোনের তথ্যের সূত্র ধরে অভিযুক্ত রাজীবের পরিচয় শনাক্ত করার পর তাকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান রাতে সমকালকে বলেন, ওই কিশোরী ঢাকা থেকে কুমিল্লায় এসে ধর্ষণের শিকার হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি জানান, রাতে এ ঘটনায় জড়িত রাজীবকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×