সেন্টমার্টিনে ট্রলিং বোট ও জালসহ ১৭ জেলে আটক
৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
সংগৃহীত ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৫
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শনিবার বেলা ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা এ অভিযান চালান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্রে অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৭ জেলেকে আটক করা হয়।
আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জব্দ করা বোট, জাল, মাছ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার পদ্ধতির বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- সেন্টমার্টিন
- জেলে