ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নানার বাড়িতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

নানার বাড়িতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
×

প্রতীকী ছবি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৭

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ ভাই-বোনের। আজ রোববার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– কুয়েত প্রবাসী শরীফ মিয়ার সন্তান তানিশা ও রায়হান। তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায়।

জানা গেছে, বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল তানিশা ও রায়হান। আজ দুপুরে বাড়ির পাশের পুকুরে নামে তারা। একপর্যায়ে পানিতে ডুবে যায় দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শিশুদের নানা কাশেম মিয়া বলেন, দুপুরে সবার অলক্ষে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে একজন পুকুরে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে যমজ ভাই ও বোনের মারা যাওয়ার ঘটনা শুনেছেন তিনি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের নিজ বাড়ি ঢাকার ডেমরা এলাকায় নিয়ে গেছেন স্বজনরা।

আরও পড়ুন

×