লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪
জেলা পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৪
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ছয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে ২৪৪ জনকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থান, সড়ক, বাজার ও আড্ডাস্থলে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। যারা কিশোর গ্যাং কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে নজর রাখার আহ্বান জানানো হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
- বিষয় :
- কিশোর গ্যাং
- অপরাধ
- আটক
- অভিযান
- লক্ষ্মীপুর