সেই মহিলা লীগ নেত্রীর নিয়োগ বাতিল
ফাইল ছবি
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৮
খুলনার কয়রা উপজেলা ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পাওয়া মহিলা লীগ নেত্রী শাহনাজ পারভীনের নিয়োগ বাতিল করা হয়েছে। আজ সোমবার দুপুরে নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সই করা অফিস আদেশে তাঁর নিয়োগ বাতিল করা হয়।
শাহনাজ পারভীন উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দাউদ মল্লিকের মেয়ে। তিনি ইউনিয়ন মহিলা লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছেন। গত ১৭ সেপ্টেম্বর কয়রার সাতটি ইউনিয়নের ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। শুরুতে আবেদন যাচাই-বাছাই শেষে বয়স বেশি হওয়ার কারণ দেখিয়ে শাহনাজ পারভীন ও নিগার সুলতানা নামে দুজনের আবেদন বাতিল করা হয়। তবে প্রকাশিত ফলে তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত তালিকায় আবার তাদের নাম দেখা যায়। এর মধ্যে ফলপত্রে শাহনাজ পারভীনের নাম হাতে লিখে দেওয়া হয়েছে। সমালোচনার মুখে নিগার সুলতানার নিয়োগ বাতিল করা হলেও শাহনাজ পারভীনের নাম তখন বাদ দেওয়া হয়নি।
এ বিষয়ে আজ দৈনিক সমকালে ‘পরীক্ষায় অংশ না নিয়েও নিয়োগ পেলেন মহিলা লীগ নেত্রী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি নিয়োগ কমিটির নজরে আসে।
অফিস আদেশে বলা হয়েছে, মহিলা লীগ নেত্রী শাহনাজ পারভীন তাঁর আবেদনের সঙ্গে সংযুক্ত শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতি করেছেন। যে কারণে নিয়োগের শর্তাবলি লঙ্ঘিত হওয়ায় তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে।
নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রথমেই ওই নারীকে নিয়ে বিতর্ক শুরু হয়। একজন প্রভাবশালী নেতার সুপারিশে তিনি নিয়োগ পেয়েছিলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে।
- বিষয় :
- খুলনা
- ফ্যামিলি কার্ড
- মহিলা আওয়ামী লীগ
- নিয়োগ