গোপালগঞ্জে ‘বুলবুলের’ আঘাতে ২ কোটি টাকার সবজি নষ্ট
গোপালগঞ্জে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ আঘাতে ৮০ ভাগ সবজি ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে-সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০১:১৪
গোপালগঞ্জে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ আঘাতে ৮০ ভাগ সবজি ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে। নষ্ট সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড় বুলবুলে জেলায় প্রায় ২ কোটি টাকার সবজি নষ্ট হয়েছে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গোপালগেঞ্জ বর্ষার শেষে কৃষকরা অধিক লাভের আশায় ঘেরপাড় ও ক্ষেতের ৬৭৭ হেক্টর জমিতে লাউ, টমেটো, লাল শাক, কুমড়া সহ আগাম শীতের সবজি আবাদ করেন। সবজি ক্ষেতের ৮০ ভাগ সবজি নষ্ট হয়েছে। এছাড়া ৪২৩ হেক্টর ক্ষেতের ধান, ৩১ একর ক্ষেতের কলা, ১০ হেক্টর জমির পেপে ও ১৭ হেক্টর জমির পান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক নারায়ন বিশাস জানান, আবহাওয়া আনুকূলে থাকায় ক্ষেতে এসব সবজির বাম্পার ফলন দেখা দেয়। হেমন্তের শুরুতেই তারা লাউ ও লাল শাক বিক্রি করে লাভবান হন। ক্ষেতে পাকতে শুরু করে টমেটো। এরই মধ্যে রোববার ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তাদের সবজিতে লাভের স্বপ্ন চুরমার হয়ে গেছে। ঝড়ে মাচা ভেঙে বৃষ্টির পানিতে লাউ ও কুমড়া গাছ তলিয়ে গেছে। মরে যাচ্ছে ফলন্ত লাউ, কুমড়ার গাছ।
টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা গ্রামের বিরাট চন্দ্র বিশ্বাস, কনা রায় ও শিশির রায় বলেন, আমাদের ক্ষেতে অনেক টমেটো উৎপাদিত হয়। এ টমেটো গোপালগঞ্জ, ঢাকা ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় যায়। আগাম টমেটোতে আমরা প্রতিবছর প্রচুর টাকা লাভ করি। এ বছর ঝড়ে আমাদের টমেটো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
টুঙ্গিপাড়ার গোপালপুর গ্রামের কৃষক রমেশ হালদার বলেন, ঝড় আমাদের টমেটো, লাউ, কুমড়া ও লাল শাক কেড়ে নিয়েছে। এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি। নতুন করে আবার ক্ষেতে এসব সবজির আবাদ করতে হবে। এ অবস্থা কাটিয়ে উঠতে আমরা সরকারের সহায়তা চাই।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমেশ চন্দ্র বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছি। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।