ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০১:৪৬
ফরিদপুরের ভাঙ্গায় মোটর সাইকেলের ধাক্কায় দেলোয়ার তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত দেলোয়ার উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের মৃত হামেদ তালুকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলটি মাওয়া-খুলনা মহাসড়কের ঈশ্বরদী-তারাইল বাস ষ্ট্যান্ডে (ঢাকা মেট্রো হ ২২-৩৯৫৬) পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দেলোয়ারকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালক ও বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। কিন্তু বৃদ্ধ দেলোয়ারের অবস্থা খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নিহতের পরিবার থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। সেই সঙ্গে পলাতক চালকের সন্ধান পেতে পুলিশি অভিযান চলছে।