মাদারীপুরে নানার কাঁচির আঘাতে নাতনির মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৩:৫৭
মাদারীপুরের রাজৈরে নানার কাঁচির আঘাতে ৯ মাস বয়সী নাতনি মরিয়মের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে করম ফরাজী ও তার স্ত্রী ফয়জুরী বেগমের মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হয। এসময় তাদের মেয়ে জাপানী বেগম শিশু কন্যা মরিয়মকে কোলে নিয়ে বাবা-মায়ের ঝগড়া মেটানোর চেষ্টা করেন। ঝগড়ার এক পর্যায়ে করম ফরাজী তার স্ত্রীকে হাতে থাকা কাঁচি দিয়ে কোপ দেয়ার চেষ্টা করলে জাপানীর কোলে থাকা শিশু মরিয়মের মাথায় লাগে। এতে মরিয়ম গুরুতর আহত হয়। পরে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণেই এ ঘটনা ঘটেছে।