মাগুরার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২০
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৪:৪১
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে মাইক্রোবাসের ধাক্কায় আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হন। তিনি একই উপজেলার মহেশপুর গ্রামের তাছের আলী মোল্লার স্ত্রী।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুবুর রহমান জানান, রায়নগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার সকালে নাকোল-ওয়াপদাহ সড়কে হাঁটতে বের হন আমেন বেগম। এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাস পিছন দিক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা আড়াইশো শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, জেলার মহম্মদপুরে যাত্রীবাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার শ্যামনগর কুড়াদোয়া ব্রীজের পাশে এ দূর্ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রেশমা (২০) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।