পদ্মায় জেলে নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০ | ০৪:১৮
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার চর এলাকায় জেলেদের একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।
তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, জেলে নৌকাটিতে শিশুসহ ৬ জন মানুষ ছিল। এর মধ্যে ৪ জন তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় দুই শিশু। শুক্রবার বিকেল পর্যন্ত নিখোঁজ দুই শিশুর সন্ধানে জেগে ওঠা চর ঘেঁষা পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা।
তিনি বলেন, পরিবারের মধ্য বয়সীদের সঙ্গে জেলে পরিবারের দুই শিশুও অন্যান্য দিনের মতো পদ্মায় মাছ ধরতে যায়। কিন্তু উত্তাল পদ্মায় মাছ ধরার এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- লৌহজং
- নৌকাডুবি
- পদ্মার চর
- শিশু নিখোঁজ