কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলার উদ্বোধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ০৮:৫৮ | আপডেট: ০১ মার্চ ২০২২ | ০৮:৫৮
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলার উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলাটির আয়োজন করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক শাহিদা সুলতান প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন।
কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। আশা করি এই মেলার মধ্যে দিয়ে কিছুটা হলেও কবি সুকান্ত ভট্টাচার্যকে বাঙ্গালি জাতি বা আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারবো।
তিনি জানান, প্রতি বছর পাঁচ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এ বছর করোনার কারণে স্বল্প পরিসরে ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’,‘পূর্বাভাস’, ‘অভিযান’, ‘হরতাল’। তার কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।