ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছি, কিন্তু বাস্তব চিত্র হতাশাজনক: বিসিসিসিআই সভাপতি

দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছি, কিন্তু বাস্তব চিত্র হতাশাজনক: বিসিসিসিআই সভাপতি
×

‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শীর্ষক সংলাপে বিসিসিসিআই সভাপতি খোরশেদ আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৪:৫১ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ১২:৫২

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি খোরশেদ আলম বলেন, ‘আমরা দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছি, কিন্তু বাস্তব চিত্র অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি বড় চীনা কোম্পানি ছয় বছর আগে জমির বরাদ্দ পেলেও আজ পর্যন্ত তাদের গ্যাস সংযোগ দেওয়া হয়নি। ছয় বছর ধরে তারা দরখাস্ত দিয়ে বসে আছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। এভাবে চলতে থাকলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন।’ 

বৃহস্পতিবার সমকাল আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে সংলাপটি অনুষ্ঠিত হয়।

সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রায় ৭০ শতাংশ উৎপাদন বন্ধ আছে গ্যাস-বিদ্যুতের জন্য। এর ভেতরে আপনারা বিদেশি বিনিয়োগ চাচ্ছেন। আনোয়ারায় ইদানীং একটা প্রজেক্ট দেওয়া হয়েছে ৭০০ একর জমির উপরে। প্রধানমন্ত্রী বলেছেন, ১৮ মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। 

সরকারের উদ্দেশে তিনি বলেন, এ ব্যাপারে প্রথমত আমার জানার ইচ্ছা যে, আপনারা কি ১৮ মাসের ভেতরে সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাস দিতে পারবেন? 

দ্বিতীয়ত হলো- বিনিয়োগের জন্য আমরা বিদেশ থেকে লোক নিয়ে আসছি, বিনিয়োগ করার জন্য তারা আসছে। এখানে বিগত ছয় বছর হয়েছে কুমিল্লা ইপিজেডে চীনের একটা কোম্পানিকে জমি দেওয়া হয়েছে। ছয় বছর আগে উনি গ্যাসের জন্য দরখাস্ত করেছেন। ছয় বছরে আজ পর্যন্ত তাকে কোনো রেসপন্স করা হয় নাই। তাকে গ্যাস দেওয়ার জন্য কোনো নিশ্চয়তা দেওয়া হয় নাই। তাহলে কি বিদেশি যারা এখানে বিনিয়োগ করে জমি কিনেছেন তাদের চলে যাওয়ার ব্যবস্থা করে দেবেন নাকি গ্যাস দেবেন? 

তৃতীয়ত হলো- আমার কাছে চায়না থেকে কয়েকটা গ্রুপ এসেছে। এখন আপনারা বললেন যে, এই জায়গায় কয়লা তোলা যাবে না ওই জায়গায় কয়লা তোলা যাবে, এটার ডিপ বেশি। কিন্তু চাইনিজরা বলছে যে, তোমাদের এখানে ভুল তথ্য দিয়ে আমাদের ঘোরাচ্ছে। আমরা জানি- কোথায় কোথায় কয়লা আছে। তোমরা আমাদের ডাকো না কেন?

এ ব্যাপারে তিনি বলেন, তারা যে কথাটা বলছে এই কথাটা কি সঠিক, না আমরা যে তথ্যটা দিচ্ছি যে, এইখানে কয়লা নাই, অনেক নিচে। এই সার্ভেটা কে করে? এটার ব্যাপারে যাচাই করার জন্য আমরা কি দ্বিতীয় কোনো পক্ষকে নিতে দিতে পারি? 
 

আরও পড়ুন

×