ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিআইডব্লিউটিএর সিবিএ অবৈধ: হাইকোর্ট

বিআইডব্লিউটিএর সিবিএ অবৈধ: হাইকোর্ট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯ | ১৪:৪৮

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিবিএর দায়িত্ব পালনকারী সংগঠন বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত তার রায়ে সংগঠনটির নিবন্ধন বাতিলের জন্য শ্রম অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। ওই সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের ওপর শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  সোমবার এ রায় দেন।

উচ্চ আদালতের এ রায়ের ফলে বিআইডব্লিউটিএর সিবিএর কার্যক্রম পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী মন্টু চন্দ্র ঘোষ। একই সঙ্গে অবৈধ সংগঠনের নিবন্ধন ৩০ দিনের মধ্যে বাতিল করতে শ্রম অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সংগঠনটির এযাবৎকালের সব কার্যক্রম অবৈধ বিবেচিত হবে বলেও জানান তিনি। বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকের পক্ষে ছিলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও মাহবুব শফিক।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন পায় বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (নিবন্ধন নম্বর বি-২১৭৬)। একই বছরের জুনে সিবিএর স্বীকৃতি পায় সংগঠনটি। তবে এই সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের মেডিকেল অ্যাটেনডেন্ট এবং বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়নের (নিবন্ধন নম্বর বি-১৪৪০) সাধারণ সম্পাদক মো. মুজিবর রহমান।

রিটকারীর আবেদনে বলা হয়, শ্রম আইন অনুযায়ী কোনো রাষ্ট্রীয় সংস্থায় তিনটির বেশি ট্রেড ইউনিয়ন নিবন্ধন পেতে পারে না। বিআইডব্লিউটিএতে এর আগে আরও চারটি ট্রেড ইউনিয়নকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং এই তথ্য গোপন করে সর্বশেষ বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নকে বেআইনিভাবে নিবন্ধন দিয়েছে শ্রম অধিদপ্তর। সুতরাং সর্বশেষ নিবন্ধিত সংগঠনটি অবৈধ।

আরও পড়ুন

×