সম্রাটের স্ত্রী ও ভাইকে দুদকের জিজ্ঞাসাবাদ
বৃহস্পতিবার যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ করে দুদক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২০ | ১০:৪৭
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যের দল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।
সকাল ১০টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, সম্রাটের বিরুদ্ধে করা মামলার তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবৈধ সম্পদ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুদক সচিব আরও বলেন, সম্রাটের দুর্নীতির অংশটুকু দুদক দেখছে। অন্য কোনো অপরাধ থাকলে সেগুলো সরকারের অন্য সংস্থাগুলো দেখবে।
সূত্র জানায়, রাজধানীর কাকরাইলের ৭৪/১ ভবনের চার তলার ৪ হাজার দুইশ' বর্গফুটের ফ্ল্যাটটি সম্রাটের ভাই ফরিদ আহমেদ চৌধুরী ও স্থানীয় সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির নামে দলিল করা। এই ফ্ল্যাটে অফিস খুলে সম্রাট তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ ব্যাপারে সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপিকেও জিজ্ঞাসাবাদ করবে দুদক।
দুদক সূত্র আরও জানায়, ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। তিনিই এ মামলাটির তদন্ত করছেন। তদন্ত শেষে আদালতে মামলার চার্জশিট পেশ করা হবে।
- বিষয় :
- ইসমাইল চৌধুরী সম্রাট
- দুদক