উপসহকারী প্রকৌশলী বরখাস্ত, দুজনকে শোকজ
টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর একটি সেতুর ফুটপাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই চলছে -সমকাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের বাসাইলে সেতুর ফুটপাতে ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় এলজিইডির এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুই প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। গঠন করা হয়েছে তিনটি তদন্ত কমিটি।
গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ ও চিঠির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাঁশ ব্যবহারের ওই ঘটনায় উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান সাব-ঠিকাদার শাহ আলমসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় আরও দুজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বাসাইল থানা পুলিশ গতকাল সন্ধ্যায় শাহ আলমকে গ্রেপ্তার করে। বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এলজিইডির অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন এবং বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এলজিইডির প্রধান প্রকৌশলীর দপ্তর ওই ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন সদরদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল হোসেন ও সিনিয়র সহকারী প্রকৌশলী জাকিউল আলম। এ ছাড়া টাঙ্গাইল এলজিইডি পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে। কমিটিতে রয়েছেন টাঙ্গাইল এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তৌহিদুর রহমান (আহ্বায়ক), সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী ইফতেখার আহম্মেদ (সদস্য সচিব), সদস্য হিসেবে আছেন টাঙ্গাইল এলজিইডির সহকারী প্রকৌশলী সাকিব-উল-হাফিজ, উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও ল্যাব টেকনিশিয়ান আলোব্বর হোসেন।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিনটি কমিটিকেই তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, বাসাইল উপজেলার বাসাইল জিসি-কাউলজানী ইউপি ভায়া মাইজখাড়া সড়কে ৯০.০৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজের নির্মাণকাজ চলছে। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে এই সেতুর নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুস আল মামুন-জাকির এন্টারপ্রাইজ (জেভি) নামের একটি যৌথ প্রতিষ্ঠান।
গত রোববার রাতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এলজিইডির সদরদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, সাত দিনের মধ্যে ওই ত্রুটিপূর্ণ ও স্পেসিফিকেশনবহির্ভূত ঢালাই ভেঙে সাইট থেকে অপসারণ করতে হবে।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন জানান, সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- সেতু