প্রত্যাহারের সময় শেষে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে ইসি: সচিব
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৩
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে চূড়ান্তভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে এ কথা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, রাষ্ট্রপতির নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুইটি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন দুইটি সোমবার যাচাই-বাছাই করা হবে।
জাহাংগীর আলম বলেন, দুটি মনোনয়নপত্রের একটির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্যটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
ইসি সচিব বলেন, সকাল ১১টায় একটি ও ১১টা ৫মিনিটে অন্য একটি মনোনয়ন জমা পড়ে। সোমবার দুইটি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর আগে রোববার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে যায়। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেন।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী রোববার মনোনয়ন দাখিল ও সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ঠিক করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যেহেতু সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী একজন তাই ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।
- বিষয় :
- ইসি
- রাষ্ট্রপতি
- বাংলাদেশ
- নির্বাচন