ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাবেক সিইসি নূরুল হুদাকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাবেক সিইসি নূরুল হুদাকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
×

কেএম নূরুল হুদা। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫ | ১৬:২৩ | আপডেট: ২৭ জুন ২০২৫ | ১৬:২৫

সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে আরও ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আজ শুক্রবার প্রথম দফার চার দিনের রিমান্ড শেষ হলে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ শুক্রবার রিমান্ডের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম। তিনি বলেন, রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য নূরুল হুদাকে আজ বেলা আড়াইটার পর আদালতে আনা হয়।

এই মামলায় গত সোমবার নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেদিন শুনানি নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিন স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে দিচ্ছিল বিক্ষুব্ধ জনতা।

এর আগে রোববার সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

এ মামলায় হাবিবুল আউয়ালকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার আদেশ দেন আদালত। তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

আরও পড়ুন

×