ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ বুক অলিম্পিয়াড’

দেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ বুক অলিম্পিয়াড’
×

বাংলাদেশ বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | ০০:১৫

স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ বুক অলিম্পিয়াড’। ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’- স্লোগানে শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ‘মুক্ত আসর’-এর উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটি এ আয়োজন করে।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরির জন্য এ আয়োজন। ২০০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অলিম্পিয়াড শুরু হয়। লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন শব্দঘর সম্পাদক কথাসাহিত্যিক মোহিত কামাল। তিনি বলেন, অত্যধিক ইন্টারনেট আসক্তির কারণে বিশ্ব-ডিকশনারিতে ‘ব্রেনরট’ নামে নতুন শব্দ চালু হয়েছে। বলা যায়, মস্তিষ্কের অবিরত তথ্যপ্রবাহে জট তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের ক্রিয়া-প্রতিক্রিয়া। পড়াশোনায় বিমুখ হচ্ছে সন্তানরা, আচরণেও ব্যাপক বিধ্বংসী অবস্থা তৈরি হচ্ছে। ঘরে ঘরে চলছে ‘প্রকাশ্য যুদ্ধ’। এমন অবস্থায় অলিম্পিয়াড আয়োজনের এ উদ্যোগকে স্বাগত জানাই।

অনুষ্ঠানে শিশুসাহিত্যিক আখতার হুসেন বলেন, নিশ্চয়ই এক দিন এই বুক অলিম্পিয়াড গণিত অলিম্পিয়াডের মতো ব্যাপক বিস্তার লাভ করবে।

বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সভাপতি রোকেয়া ইসলাম বলেন, আমরা চাই বই পড়ার মাধ্যমে ছেলেমেয়ের চিন্তার বিকাশ হোক। আমরা বুক অলিম্পিয়াডকে অনেকদূর নিয়ে যেতে চাই।

অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, আমাদের চাওয়া বই পড়ার মাধ্যমে ছেলেমেয়েদের সৃজনশীল ও মননশীল চিন্তার সৃষ্টি হোক। প্রতিবছর শিক্ষার্থীদের ক্লাসের পড়ার পাশাপাশি কমপক্ষে ২০-২৫টি বই পড়ার অভ্যাস গড়ে উঠুক।

বুক অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক আয়শা জাহান নূপুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন, লেখক ও গবেষক সাহাদাত পারভেজ, আলোক শিক্ষালয়ের শিক্ষক শাওলিন আক্তার, মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমা প্রমুখ।

এক ঘণ্টা বইবিষয়ক নানা ধরনের প্রশ্ন নিয়ে তিনটি ক্যাটেগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটেগরিতে ৩২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয় বই ও সনদ। পরীক্ষা পর্বের পর ছিল সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান। বুক অলিম্পিয়াডে সহযোগিতায় আছে স্বপ্ন ’৭১ প্রকাশন, বইচারিতা ও কাঠবিড়ালি প্রকাশন।

আরও পড়ুন

×