ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তপশিল ঘোষণা কবে, এখনও ঠিক হয়নি: ইসি সচিব

তপশিল ঘোষণা কবে, এখনও ঠিক হয়নি: ইসি সচিব
×

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ২০:৪২

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তপশিল কবে ঘোষণা হবে- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।

আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় ইসি সচিব এ কথা জানান। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১১টা থেকে (শনিবার) আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তপশিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।’

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে। তা ধরে প্রস্তুতি নিয়ে ডিসেম্বরের প্রথম ভাগে তপশিল ঘোষণার পরিকল্পনা ছিল ইসির। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণা হতে পারে।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও সেই বৈঠকে ছিলেন। পরে বিকেলে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালাসহ নির্বাচনী আইন-কানুন ও বিধির ওপর বক্তব্য দেন। এই ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।  

তপশিল ঘোষণার তারিখ নির্ধারণ না হলেও নির্বাচন আয়োজনে ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে দাবি করেন ইসি সচিব। তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন। নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকবেন। নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন

×