মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবির প্রশ্রয় পাবে না
ইফতার অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী
ফখরুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ০৭:৪২
| প্রিন্ট সংস্করণ
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না।
গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই, বিশ্বাস করুন– সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তদবির। তদবিরগুলো হচ্ছে পদায়ন-বদলি এসব। দরকার আছে, সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দিই তাহলে তো মুশকিল হবে। আরেকটা ব্যাপার আছে, সবাই শুধু ঠাকুরগাঁও চলে যেতে চান। এদিকে চাকরি করেন, আর আমাকে শুধু বলেন– স্যার আমাকে একটু ঠাকুরগাঁয়ে বদলি করে দেন। এই ধারণাগুলো বাদ দিতে হবে।’
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। চাকরি তো অসম্ভব। আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মেধাক্রম