ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এলো নতুন সংবাদমাধ্যম ‘অগ্রদূত’

এলো নতুন সংবাদমাধ্যম ‘অগ্রদূত’
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৯:৪৬ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ২০:২৭

যাত্রা করল নতুন সংবাদমাধ্যম ‘অগ্রদূত’। শনিবার সকালে পাঠকের জন্য ওয়েবসাইট উন্মুক্ত করার মধ্য দিয়ে নতুন সংবাদমাধ্যমটির আত্মপ্রকাশ ঘটে। প্রাথমিকভাবে অনলাইনে যাত্রা হলেও অচিরেই ছাপা পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আত্মপ্রকাশের দিনে সারাদেশের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা হয়। বার্তা সম্পাদক ইয়াহিয়া নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অগ্রদূতের আগামী দিনের রূপরেখা ও সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। 

অগ্রদূত সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ খান মতবিনিময় সভায় সংবাদমাধ্যমটির নীতিগত অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘অগ্রদূত স্বাধীন সংবাদমাধ্যম, সরকার বা কোনো দলের লেজুড় নয়। তবে দলনিরপেক্ষ হলেও মতনিরপেক্ষ নয়। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা, ’৯০ ও ’২৪-এর গণঅভ্যুত্থান আমাদের পথ চলার শক্তি। অগ্রদূত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ।’

বর্তমান সময়ে সংবাদমাধ্যমের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, 'অনেক সংবাদপত্র করপোরেট মালিকানার অধীনে চলে যাওয়ায় সম্পাদকীয় নীতিতে মালিকপক্ষের খবরদারি বেড়েছে এবং সাংবাদিকদের স্বাধীনতা খর্ব হচ্ছে।' সরকার ও মালিকপক্ষ একাকার হলে স্বাধীন সাংবাদিকতার সুযোগ থাকে না বলেও মন্তব্য করেন তিনি। 

সভায় অগ্রদূতের নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর বলেন, ‘এই গণমাধ্যমটি সফল হলে আগামীর বাংলাদেশে এমন আরও অনেক স্বাধীন গণমাধ্যম গড়ে উঠবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি অগ্রদূত সারাদেশের জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সব সংবাদ গুরুত্বসহকারে তুলে ধরতে চায়।’

বার্তাপ্রধান মেহেদী হাসান শোয়েব বলেন, 'অগ্রদূত স্বাধীন গণমাধ্যম হিসেবে মানুষের জন্য মানুষের কথা বলবে।’ সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×