ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বর্ষার সুরে নজরুল স্মরণে শিল্পকলা একাডেমির আয়োজন

বর্ষার সুরে নজরুল স্মরণে শিল্পকলা একাডেমির আয়োজন
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২২:৫৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা ভাবনাকে কেন্দ্র করে সাহিত্য, সংগীত ও নৃত্যের সমন্বয়ে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে নজরুলের বর্ষাভিত্তিক গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।

এ অনুষ্ঠানের মূল আলোচ্য ছিল নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের ভেতরে লুকিয়ে থাকা মানবমুক্তি, সাম্য, প্রেম, অসাম্প্রদায়িকতা এবং সৌন্দর্যের চিরন্তন বাণীকে নতুনভাবে আবিষ্কার করা।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, নজরুলের সৃষ্টিতে বর্ষা বাংলাদেশের প্রকৃতি, মানুষের অনুভূতি ও জীবনদর্শনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে। তিনি বলেন, কবির বর্ষা সংগীত ও কবিতা আজও মানুষের মনে গভীর আবেদন সৃষ্টি করে। নজরুলের শ্রাবণ সংগীত কিংবা বৃষ্টিবিষয়ক কবিতা মানুষকে এমন এক আবেগময় স্তব্ধতায় পৌঁছে দেয়, যার রেশ দীর্ঘ সময় ধরে হৃদয়ে থেকে যায়।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুন-অর-রশীদ বক্তব্য দেন। পরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে সমবেত নৃত্য পরিবেশন করা হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করেন। এরপর ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস আরা, ইয়াসমীন মুস্তারী, খায়রুল আলম শাকিল, প্রিয়াংকা গোপ, মুন্নি কাদের, সালাউদ্দিন আহমেদ, মাহবুবা আখন্দ, শহীদ কবির পলাশসহ দেশের বিভিন্ন শিল্পী নজরুলের বর্ষানির্ভর গান পরিবেশন করেন।

নন্দন কলাকেন্দ্র এস আর ওয়াসেকের পরিচালনায় এবং বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস নৃত্যশিল্পী ফারহানা চৌধুরীর পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। শিল্পী মুন্নি কাদেরও একক সংগীত পরিবেশন করেন।

পরবর্তী পর্বে একক সংগীত পরিবেশন করেন সালাউদ্দিন আহমেদ, বিজন চন্দ্র মিস্ত্রী, মাহবুবা আখন্দ, শহীদ কবির পলাশ ও মৌসুমী ইকবাল। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সৃষ্টি কালচারাল সেন্টারের পরিবেশিত সমবেত নৃত্যের মধ্য দিয়ে। নৃত্য পরিচালনা করেন আনিসুল ইসলাম হীরো।

আরও পড়ুন

×