ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক মাধ্যমে কারাগারের ছবি, ৫০ কারারক্ষীকে তলব

সামাজিক মাধ্যমে কারাগারের ছবি, ৫০ কারারক্ষীকে তলব
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০৮:২৩ | আপডেট: ০২ আগস্ট ২০২৬ | ০৯:৪১

| প্রিন্ট সংস্করণ

কারাগারের ভেতরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এবার কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে ফেসবুকসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এসব তথ্য প্রচারের অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত প্রায় ৫০ জন কারারক্ষী তলব হয়েছেন।

আজ রোববার সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে অধিদপ্তর।

রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত পুরুষ ও নারী কারারক্ষীদের তলব করা হয়েছে।

কারা অধিদপ্তরের প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিট সূত্র জানাচ্ছে, সামাজিক মাধ্যম ব্যবহারের নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি ও তথ্য প্রকাশ করেছেন। বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল হোসেন বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুজন কারারক্ষীকে ডাকা হয়েছিল। তাদের কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে। কারারক্ষীদের শোকজ নোটিশ দেওয়া হয়নি।’

নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
কারাগারের অভ্যন্তরের ছবি, দায়িত্ব পালন বা নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করা কারাবিধি ও সরকারি চাকরির আচরণবিধির পরিপন্থি। এতে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, বন্দি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কারা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ফেসবুক আইডি ও অন্যান্য প্ল্যাটফর্মে কর্মস্থলের ছবি প্রকাশ হওয়ায় কয়েকজন কারারক্ষী চাকরিচ্যুত হয়েছেন।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারারক্ষীরা উপস্থিত হয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে ব্যবস্থা নেওয়া হতে পারে। 

আরও পড়ুন

×